অ্যাডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবুল কালাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইন প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য বেশ কয়েকটি আইন সংস্কারের কাজ চলছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বিচার বিভাগকে আরও স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার সুযোগ করে দেওয়া।”
তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি। এ ক্ষেত্রে আইনজীবীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সংসদ সদস্য আবুল কালাম বলেন, পূর্ববর্তী সময়ে বিচার বিভাগ, প্রশাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যত দুর্বল হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে দেশকে বের করে আনতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ভোটের মাধ্যমে আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের সমর্থন ও সহযোগিতার কারণেই জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।”
তিনি আরও বলেন, “আমি আজ জনপ্রতিনিধি হিসেবে যে মর্যাদা ও সম্মান পেয়েছি, তার পেছনে আইনজীবী সমাজের অবদান রয়েছে। আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি।”
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি ওমর ফারুক নয়ন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লাসহ অন্যান্য আইনজীবী নেতারা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

