“নির্বাচনোত্তর তরুণদের ভাবনা” শীর্ষক সংলাপ
নারায়ণগঞ্জে তরুণদের মতামত, প্রত্যাশা ও ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে তাদের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয়েছে “নির্বাচনোত্তর তরুণদের ভাবনা” শীর্ষক সংলাপ।
শনিবার (১৩ জুন) ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ (নারায়ণগঞ্জ জেলা) এ সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সংলাপে অংশগ্রহণকারী তরুণরা আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন, প্রত্যাশা এবং বিভিন্ন গঠনমূলক ভাবনা তুলে ধরেন। পাশাপাশি দেশের রাজনীতি, সুশাসন, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ও রাষ্ট্র পরিচালনায় তরুণদের অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে হলে তরুণ সমাজকে আরও বেশি দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাই আগামী দিনের বাংলাদেশের চালিকাশক্তি হতে পারে। তাই রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), গণসংহতি আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক সচেতনতা এবং নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ ধরনের সংলাপের আয়োজন করা হয়েছে। তাদের মতে, তরুণদের শক্তি, সচেতনতা ও ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমেই একটি সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

