ফাইল ছবি
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ কর্তৃক ১৩ জুন শহরে আয়োজিত ‘ঈদ পুনর্মিলন ও ফল উৎসব ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর অফিস সম্পাদক ও ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের তত্ত্বাবধায়ক হাদিউজ্জামান বুলবুল এবং ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান অমিত হাসান। এছাড়াও বিশেষ উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন।
সংগঠনের বর্তমান পরিচালক মেহেদী হাসান ইমন এবং সহ-পরিচালক আমির হোসেনের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালকবৃন্দসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
ফল উৎসবে বাহারি রকমের দেশীয় ফলের সমাহার ঘটানো হয়। ঈদ পুনর্মিলনীর এই আমেজে উপস্থিত সকলে পারস্পরিক কুশল বিনিময় ও আনন্দ আড্ডায় মেতে ওঠেন।
অনুষ্ঠানে উপদেষ্টা মোঃ জাকির হোসেন তাঁর বক্তব্যে সংগঠনের এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন— "বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও সৌহার্দ্য বজায় রাখতে ঈদ পুনর্মিলন ও ফল উৎসবের মতো আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও সুস্থ বিনোদনের সাথে সম্পৃক্ত রাখতে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ অনন্য ভূমিকা পালন করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।"
অনুষ্ঠানের শেষভাগে দেশ ও দশের সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

