আবু আল ইউসুফ খান টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক নগরীতে পরিণত করতে কাজ করছে বিএনপি। আগামী দিনে নির্বাচন ছাড়া কোনো সংগঠনের কমিটি গঠন করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নগরীর হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ উপহার দিতে চাই। নারায়ণগঞ্জে আগামী দিনে নির্বাচন ছাড়া আর কোনো কমিটি গঠন করা হবে না। আমরা কোনো গডফাদারের মতো আচরণ করতে চাই না।”
নিজেকে হোসিয়ারি ব্যবসায়ী পরিবারের সন্তান উল্লেখ করে তিনি বলেন, তার বাবা পাকিস্তান আমল থেকেই হোসিয়ারি শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতার আগে উকিলপাড়ার মুকুল টেক্সটাইল ছিল নারায়ণগঞ্জের শিল্প-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে টিপু বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার দূরদর্শী নীতির ফলেই পরবর্তীতে দেশের রপ্তানি খাত শক্তিশালী হয়েছে এবং বিকেএমইএর মতো সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের সেই সংকটময় মুহূর্তে মেজর জিয়াউর রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন গডফাদার সংস্কৃতির কারণে ব্যবসায়ী সংগঠনগুলোতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়েছিল। অনেক সংগঠনে নির্বাচন আয়োজন করা হয়নি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নগর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। পাশাপাশি উকিলপাড়া ও নয়ামাটি সড়ক সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিরসনে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, দলের কোনো নেতা বা কর্মী অপকর্মে জড়িত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ও বিসিবি পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এবং সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সবুর খান সেন্টু।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হোসিয়ারি খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

