বুধবার, ১০ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২০:০৩, ১০ জুন ২০২৬

আপডেট: ২০:০৪, ১০ জুন ২০২৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালা

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং তা নিয়ন্ত্রণে আইন প্রয়োগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বুধবার (১০ জুন) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ কর্মশালার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নারায়ণগঞ্জ। এটি “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (তৃতীয় সংশোধিত)” এর আওতায় বাস্তবায়ন করা হয়।

কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শব্দদূষণের কারণে মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব, বিদ্যমান আইন ও বিধিমালা এবং মাঠপর্যায়ে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ সেশনে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে শব্দদূষণের উৎস, এর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে সড়কে দায়িত্ব পালনকালে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে কীভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সোহেল রানা, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো. মাহবুবুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম মেহেদী হাসান।