ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুর্যোগকালীন সময়ে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই করতে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিশেষ উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী অনুশীলন করা হয়।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া, আহতদের উদ্ধার এবং তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের নানা কৌশল প্রদর্শন করা হয়।
মহড়ার অংশ হিসেবে হাসপাতালের বাইরে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে উদ্ধার হওয়া রোগীদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা দেওয়ার প্রক্রিয়া দেখানো হয়। একইসঙ্গে চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়।
এসময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশাপাশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জে বর্তমানে প্রায় ৫০০ প্রশিক্ষিত ভলান্টিয়ার বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন। সচেতনতা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি বাড়াতে ভবিষ্যতেও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিয়মিত মহড়ার আয়োজন করা হবে। এতে জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহজাহান মিয়া এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরুল আলম।

