জার্সি ও পতাকা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়
আজ মধ্যরাত থেকেই পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে শিল্পনগরী নারায়ণগঞ্জ।
পাড়া-মহল্লা, অলিগলি থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে উড়তে শুরু করেছে বিভিন্ন দেশের পতাকা। তবে সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি ও পতাকার।
বুধবার (১০ জুন) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার খেলাঘর, শাহী স্পোর্টস, নূর স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীর দোকান ঘুরে দেখা যায়, প্রিয় দলের জার্সি ও পতাকা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শিশু, কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্যবয়সীরাও নিজেদের পছন্দের দলের সমর্থন জানাতে জার্সি সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
জার্সি কিনতে আসা এক আর্জেন্টিনা সমর্থক জানান, ১৯৮৬ সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার নৈপুণ্য দেখে তিনি আর্জেন্টিনার সমর্থক হয়ে ওঠেন। এরপর গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান রোমান রিকোয়েলমে এবং লিওনেল মেসির খেলা দেখে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে।
তিনি বলেন, “আমার ছেলে-মেয়েও এখন আর্জেন্টিনার সমর্থক। শুধু আমার স্ত্রী ব্রাজিলের ভক্ত। তাই নিজের জন্য আর্জেন্টিনার জার্সির পাশাপাশি তার জন্য ব্রাজিলের জার্সিও কিনতে হচ্ছে।”
অন্যদিকে ব্রাজিল সমর্থক শাফায়াত হোসেন বলেন, “ব্রাজিল সবসময়ই বিশ্বের অন্যতম সেরা দল। কয়েকটি আসরে ভাগ্য সহায় ছিল না। তবে এবার দলটি ভালো খেলবে এবং হেক্সা মিশন পূরণ করবে বলে আশা করছি।”
স্পেনের সমর্থক রিফাত বলেন, “আমি মূলত ক্লাব ফুটবল বেশি অনুসরণ করি। বার্সেলোনার অনেক খেলোয়াড় স্পেন জাতীয় দলে খেলেন। তাই স্পেনের জার্সি নিতে এসেছি। আশা করি এবার তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপ অর্জন করবে।”
নূর স্পোর্টস এর জার্সি বিক্রেতা ওয়াহিদ নূর জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। পাশাপাশি দুই দেশের বড় ও ছোট আকারের পতাকারও ব্যাপক চাহিদা রয়েছে।
ভিআইটি এলাকার খেলাঘরের স্বত্বাধিকারী বলেন, “প্রতিদিনই প্রচুর ক্রেতা আসছেন। ছোট থেকে বড় নানা বয়সের। আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে আর্জেন্টিনার জার্সির চাহিদা কিছুটা বেশি। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় এবং তিন তারকার নতুন জার্সি বাজারে আসায় সমর্থকদের আগ্রহও বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি দুই দলের পতাকাও ভালো বিক্রি হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি। ইতোমধ্যে অনেকেই বাসা-বাড়ি, ছাদ এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রিয় দলের পতাকা টাঙাতে শুরু করেছেন।”
বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজার আগেই নারায়ণগঞ্জে যেন নেমে এসেছে ফুটবলের উৎসব। জার্সি গায়ে, হাতে পতাকা নিয়ে প্রিয় দলের জয় দেখতে মুখিয়ে আছেন জেলার হাজারো ফুটবলপ্রেমী।

