বুধবার, ১০ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও 

প্রকাশিত: ১৮:১৮, ১০ জুন ২০২৬

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও 

ইউএনও শিবানী সরকার

নারায়ণগঞ্জ বন্দরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুন) সকালে উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বার্ষিক ক্যাম্পেইন, র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শিবানী সরকার। 

ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং গ্রাম আদালতের সমন্বয়ক সীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, হাবিবুর রহমান মেম্বার,ফয়জুর রহমান মেম্বার,বিএনপি নেতা আমির হামজা প্রমুখ।

এছাড়াও বাবুল মেম্বার, মনির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন, বিচারপ্রক্রিয়া সহজীকরণ, স্বল্প খরচে ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে শিবানী সরকার বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে এবং কম খরচে ন্যায়বিচার পেতে সক্ষম হচ্ছেন। ফলে আদালতমুখী মামলার চাপ কমার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতেও গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন  তারা এই গ্রাম আদালতের মাধ্যমে এই প্রশাসনকে দেখবেন। আমরা যখন কোন সমস্যার কারণে আদালতে যাই, তখন একটা পক্ষ হেরে যায় একটা পক্ষ জিতে যায়। কিন্তু গ্রাম আদালত হচ্ছে এমন একটি আসন যেখানে দুটো পক্ষই জিতে যায়।গ্রাম আদালতের সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন মানুষ যখন বিচারের জন্য আদালতের কাছে যেতে হতো, আর সেই আদালতই যেন মানুষের দোরগোড়ায় গিয়ে হাজির হয়। এই গ্রাম আদালত যে শুধু বিচার কার্য সম্পন্ন করে তা নয়, এটি সমাজের শান্তিও প্রতিষ্ঠা করে। এটি মানুষের মধ্যকার সম্পর্ক  আরও দৃঢ় করে এবং তাদের মধ্যে ঐক্য বজায় রাখার লক্ষ্যে কাজ করে।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ জন কে পুরস্কৃত করা হয়।