সোমবার, ০৮ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জের ছোট্ট তারকা মাহমুদা যুথীর বড় স্বপ্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০২, ৮ জুন ২০২৬

না.গঞ্জের ছোট্ট তারকা মাহমুদা যুথীর বড় স্বপ্ন

ফাইল ছবি

স্বপ্ন দেখতে কোনো বয়স লাগে না। ছোট্ট দুটি চোখে আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে প্রতিদিন এগিয়ে চলেছে নারায়ণগঞ্জের শিশু শিল্পী মাহমুদা যুথী। বয়সে এখনও ছোট, কিন্তু অভিনয়ের প্রতি তার ভালোবাসা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস দেখে অনেকেই বিস্মিত হন। একদিন দেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ হওয়ার স্বপ্ন বুকে ধারণ করে পথচলা শুরু করেছে সম্ভাবনাময় এই শিশু শিল্পী।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর গুলশান এলাকার বাসিন্দা মাহমুদা যুথী। ব্যবসায়ী জুয়েল প্রধান ও অভিনেত্রী জহুরার একমাত্র কন্যা সে। পরিবারের সাংস্কৃতিক পরিবেশের মধ্যেই বেড়ে ওঠা যুথীর অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় খুব অল্প বয়সেই। টেলিভিশনের নাটক, সিনেমা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেই অভিনয়ের প্রতি তার ভালোবাসার জন্ম।
সেই আগ্রহ থেকেই অভিনয় শেখার পথচলা। নারায়ণগঞ্জের সুপরিচিত নাট্য ব্যক্তিত্ব ও নির্মাতা ফজলুল হক পলাশের তত্ত্বাবধানে অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করে নিজের প্রতিভাকে আরও বিকশিত করেছে যুথী। প্রশিক্ষণের শুরু থেকেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হতে থাকে।
ইতিমধ্যে বেশ কয়েকটি নাটক ও ইউটিউবভিত্তিক প্রযোজনায় অভিনয় করে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে সে। "লাল শাড়ি", "ঝরা বকুল”, “সোহাগী বধু", "ইতি-যুথীর বোন", "আমার বাবা পুলিশ", "স্বার্থপর ভালোবাসা", "অলক্ষী", "কাগজের নৌকা", "অদৃশ্য খুনি" এবং "সেই তুমি"সহ বিভিন্ন নাটকে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে এই ক্ষুদে শিল্পী।
নির্মাতাদের মতে, চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে যুথীর। ক্যামেরার সামনে তার স্বাভাবিক উপস্থিতি ও সংলাপ উপস্থাপনের দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বয়সের তুলনায় তার অভিনয়ের পরিপক্বতা অনেকেরই প্রশংসা কুড়িয়েছে।
তবে অভিনয়ই তার একমাত্র পরিচয় নয়। পড়াশোনার প্রতিও সমান মনোযোগী মাহমুদা যুথী। বিদ্যালয়ের নিয়মিত পাঠ গ্রহণের পাশাপাশি সময় বের করে অভিনয়চর্চা চালিয়ে যাচ্ছে। তার বিশ্বাস, একজন সফল শিল্পী হওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই।
বর্তমানে নতুন নতুন নাটক ও শর্টফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে যুথী। জানা গেছে, চলচ্চিত্র নির্মাতা সরল হাসমতের নতুন চলচ্চিত্র "সরল মানুষ"-এ অভিনয়ের বিষয়েও ইতিমধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই বড় পর্দায় অভিষেক ঘটতে পারে তার।
মাহমুদা যুথী জানায়, অভিনয় তার সবচেয়ে প্রিয় কাজ। বড় হয়ে একজন জনপ্রিয় অভিনেত্রী হতে চায় সে। দেশের খ্যাতিমান অভিনেত্রীদের মতো দর্শকের ভালোবাসা অর্জন করে নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই তার স্বপ্ন। সদ্য মুক্তিপ্রাপ্ত শ্যামল ছায়া-৪৪ পরিবেশিত ইউটিউব নাটক “মিলন মালা”য় ছোট মালার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছে। 
সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মনে করেন, সঠিক পরিচর্যা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে মাহমুদা যুথী একদিন দেশের অভিনয় জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের এই ছোট্ট তারকা তাই আজ থেকেই ভবিষ্যতের বড় স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলেছে আপন গন্তব্যের পথে।