সদর কোর্টে দ্বি-বার্ষিক পরিদর্শন
নারায়ণগঞ্জ সদর কোর্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী।
শনিবার (১১ জুলাই) সকালে তিনি নারায়ণগঞ্জ সদর কোর্টে দ্বি-বার্ষিক পরিদর্শনে আসেন।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি সালামি গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি কর্মরত অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগারও সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি মামলার আলামত সুষ্ঠুভাবে সংরক্ষণ ও আদালতে যথাযথভাবে উপস্থাপন, ওয়ারেন্টসমূহ সিডিএমএসে এন্ট্রি করে সংশ্লিষ্ট থানায় পাঠানো, সাক্ষীদের সময়মতো আদালতে হাজির করা এবং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মামলার ডকেট সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া সদর কোর্টের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নারায়ণগঞ্জ সদর কোর্টে কর্মরত অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

