ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসেন (৪২) নামে এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা মডেল থানাধীন শিকদার বাজার, গাবতলী ও টাগারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হোসেন শেরপুর সদর থানার চাপাতলী এলাকার কালামের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার চানমারি এলাকার জাকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটের মধ্যে শিকদার বাজার, গাবতলী ও টাগারপাড় এলাকার একটি বাসায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে প্রবেশ করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার অলংকার ও সিসি ক্যামেরার ডিভিআরসহ আনুমানিক ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় চুরি মামলা করা হয়। মামলার তদন্তে ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। ফুটেজে ঘটনার দিন বাড়ির গাড়িচালক হোসেনকে পরিবারের সদস্যদের অগোচরে বাসায় প্রবেশ করতে এবং কিছুক্ষণ পর বের হয়ে যেতে দেখা যায়। এরপর তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে পুলিশ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযানের ধারাবাহিকতায় হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে চুরি যাওয়া ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

