মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০১ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০১ জন গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত ৭৯ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে ১৩ জন, কিশোর গ্যাংয়ের এক সদস্য, দুই ছিনতাইকারী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্য রয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।  

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ১৫ পিস ইয়াবাসহ সাতজন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার করা হয় ২৫ জন মাদকসেবীকে।

বন্দর থানার অভিযানে আটজন মাদকসেবী, ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, অন্যান্য আইনে তিনজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছেন। রূপগঞ্জ থানায় পাঁচজন মাদকসেবী ও অন্যান্য আইনে একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১৫ জন মাদকসেবী এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানার অভিযানে ১৫ জন মাদকসেবী, একজন ছিনতাইকারী এবং অন্যান্য আইনে নয়জনসহ মোট ২৫ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া আড়াইহাজার থানার অভিযানে পাঁচ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য এবং কিশোর গ্যাংয়ের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।