ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। এতে দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় এই মহাসড়কের গুরুত্বপূর্ণ দুটি সেতু দিয়ে ৫২ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে সরকারের বড় অঙ্কের টোল আদায় হয়েছে।
নারায়ণগঞ্জ সওজের ভিটিকান্দি সড়ক উপ-বিভাগের তথ্যমতে, মঙ্গলবার (১৭ মার্চ) গত ২৪ ঘণ্টায় মেঘনা ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে মোট ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা।
ভিটিকান্দি সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন এই বিপুল পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকার ঘোষিত টানা সাত দিনের ছুটির দ্বিতীয় দিন আজ বুধবার। সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে কয়েক গুণ। তবে আনন্দের বিষয় হলো, যানবাহনের চাপ দ্বিগুণ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি। যাত্রীরা অনেকটা স্বস্তিতেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ ও র্যাব।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত আমাদের ১২৪ জন পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন। নিরাপত্তার বিষয়ে কোনো প্রকার গাফিলতি নেই এবং আশা করছি এবার কোনো বড় ধরনের যানজট ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারবেন।

