মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

|

চৈত্র ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদ উপলক্ষে রূপগঞ্জে বিশেষ লঞ্চ সার্ভিস চালু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৯, ১৭ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে রূপগঞ্জে বিশেষ লঞ্চ সার্ভিস চালু

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। রাজধানী ঢাকার সদরঘাট নদী বন্দরের অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে এবং বিকল্প পথে সহজ যাতায়াতের সুবিধার্থে পূর্বাচল উপশহরের কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (১৬ মার্চ) নৌমন্ত্রী শেখ রবিউল আলম শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে এই বিশেষ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই ঘাট থেকে তিনটি বিশেষ লঞ্চ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহণ করবে।

লঞ্চ চলাচলের সময়সূচি অনুযায়ী, সকাল ৮টায় শিমুলিয়া-চাঁদপুর রুটে এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে। একই রুটে সকাল ৯টায় ছেড়ে যাবে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ। এ ছাড়া সকাল ৮টায় শিমুলিয়া-বরিশাল রুটে এবং বরিশাল-শিমুলিয়া রুটে সন্ধ্যা ৭টায় চলাচল করবে এমভি রাজারহাট বি লঞ্চ।

বিআইডব্লিউটিএ জানায়, ঈদযাত্রাকে আরামদায়ক করতে ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত সদরঘাট এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের ভারী মালামাল বহনে বিনামূল্যে পোর্টার বা কুলি সেবা দেওয়া হবে। এ ছাড়া অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য ঢাকা ও বরিশাল নদীবন্দরে হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় যাত্রীরা জানান, সদরঘাটে যাওয়ার পথে তীব্র যানজট ও ভিড়ের যে ভোগান্তি পোহাতে হতো, এখন বাড়ির কাছের ঘাট থেকে লঞ্চ ছাড়ায় সেই কষ্ট লাঘব হবে।

এমভি রাজারহাট বি লঞ্চের সুপারভাইজার সৈকত হোসেন বলেন, কর্মজীবী যাত্রীদের ভোগান্তি কমাতে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এখানে লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ভাড়াও সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী রাখা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কর্মজীবী যাত্রীদের সুবিধার্থে তিনটি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীরা ন্যায্য ভাড়া দিয়ে সহজেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে তদারকি করা হবে, যাতে কোনো ধরনের ঝামেলা না হয় এবং যাত্রীরা নির্বিঘ্নে লঞ্চে যাতায়াত করতে পারেন।