ইফতার মাহফিল
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের প্রায় ৬০০ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে মাদুর পেতে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখা। রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান বিকেলে কলেজ মাঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা । তিনি তার বক্তব্যে বলেন, "আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী।"
পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। সব দলের অংশগ্রহণে আয়োজিত এই ইফতার মাহফিলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "সবাই মিলে ইফতার করতে পেরে আমি আনন্দিত।"
'জুলাই সনদ' বাস্তবায়ন প্রসঙ্গে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সরকারের সমালোচনা করে বলেন, "জুলাই সনদের ব্যাপারে সরকার গড়িমসি করছে। যদিও সরকারি দলের প্রধানমন্ত্রী 'হ্যাঁ' ভোটের পক্ষে মত দিয়েছেন, তবুও আমরা মনে করি এই সনদ দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত। যদি সরকার গড়িমসি অব্যাহত রাখে, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।"
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সরকারি তোলারাম কলেজ শিবিরের সভাপতি জহিরুল ইসলাম। তিনি রমজানের শিক্ষা ব্যক্তিজীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সভাপতি অমিত হাসান শিক্ষার্থীদের বেশি করে অর্থসহ কুরআন পড়ার পরামর্শ দেন এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের পড়াশোনার সঠিক পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সেক্রেটারি মুহাম্মদ আমজাদ হোসেন।সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহান।ছাত্র শক্তির মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আকাশ।সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া ও সেক্রেটারি ফারুক।ছাত্র আন্দোলনের সভাপতি শাহ মুহাম্মদ ছগির প্রমুখ।
অনুষ্ঠানে ঐতিহ্য শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করেন। সবশেষে মাওলানা আব্দুল মোমেনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

