নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬
আগামী ১৫ জুন পর্দা উঠছে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের মেধা ও যুক্তির অন্যতম বড় আয়োজন “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬”-এর।
“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং Climate Resilient Campus Initiative-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সহযোগী সংগঠন লজিক অফ বাংলাদেশ-এর উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ জন শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষক এই উৎসবে অংশ নেবেন। এতে প্রাথমিক পর্যায়ে ৩২টি এবং মাধ্যমিক পর্যায়ে ২৮টি দল অংশ নেবে।
আগামী ১৫ জুন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপর ৮ দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আগামী ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।
আয়োজকরা জানান, নকআউট পর্বের মাধ্যমে সেরা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। পুরো উৎসবটি তরুণ শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, বিশ্লেষণী চিন্তাভাবনা এবং যুক্তিনির্ভর আলোচনার চর্চা বাড়াবে।
এছাড়া এ আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের টেলিভিশন ও বেতার বিতর্কে অংশগ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এবারের “বিতর্ক উৎসব ২০২৬”-এ মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাভিশন, ৭১ টিভি, দ্য ডেইলি স্টার ও আরটিভিসহ জাতীয় গণমাধ্যমগুলো।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবটির সার্বিক শৃঙ্খলা ও মান বজায় রাখতে উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদর ও সহযোগী সংগঠন লজিক অফ বাংলাদেশ একসঙ্গে কাজ করছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

