মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। তিনি বলেছেন, ডেঙ্গু বর্তমানে মহামারি রূপ নিচ্ছে। তাই নিজেদের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা, জনসচেতনতামূলক প্রচারণা ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সাহেদ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। দেশের অর্থনৈতিক অবস্থাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডকে মাথায় রেখে সরকার কাজ করছে। একই সঙ্গে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও ডেঙ্গুর মহামারি রোধে কাজ করা হচ্ছে। ডেঙ্গু মহামারি রূপ নিচ্ছে, সবাইকে সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ডে আমরা বিভিন্নভাবে অনেক আগে থেকেই কাজ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খানপুর হাসপাতাল ও আশপাশের এলাকায় মানুষকে সচেতন করার পাশাপাশি যেসব স্থানে ডেঙ্গুর প্রকোপ ও মশার লার্ভা প্রজননের সম্ভাবনা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।’
সাহেদ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহীদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, মিনহাজ মিঠু,সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, আলী হোসেন সৌরভ, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির প্রমুখ ।

