সাখাওয়াত হোসেন খানের হাতে এ সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী
ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে এ সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই সহায়তা তাদের পরিবারের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া নগরসেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

