প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে আবু ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছিদ্দিক ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে আবু ছিদ্দিক নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয় এবং তীব্র বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

