ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে একটি পাগলা মহিষের তাণ্ডবে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বড়ইকান্দি গ্রামের রাজিব, দরিয়াবাদ এলাকার সাদমান, বল্লভদী কান্দা এলাকার মাসুম, আলমগীর, দরিয়াবাদ এলাকার মেহেদী, শরিফ এবং রাব্বি।
আহতদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকা থেকে ২৬ তারিখ হাট থেকে নিখোঁজ হয়। মহিষটি নোয়াপাড়া এলাকার আলী আকবরের খামারের।
রোববার সকালে উদয়দী এলাকায় গিয়ে তান্ডব শুরু করে। প্রথমে মহিষটি একটি শিশুকে আহত করে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন গুরুতর আহত হয়। এ ঘটনায় এগারো জন আহত হয়। পরে স্থানীয়রা মহিষটিকে জবাই করে গোশত বিক্রি করে টাকা মালিককে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে মহিষটির মালিক বিষয়টিতে রাজি না হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
মহিষটির মালিক আলী আকবর জানান, প্রায় তিন দিন আগে তার মহিষটি হারিয়ে যায়। শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন মহিষটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। পরে স্থানীয়রা মহিষটিকে জবাই করে ফেলে।
এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা হচ্ছে।

