শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সম্ভাব্য জুমাতুল বিদায় মসজিদে মুসল্লিদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৭, ১৩ মার্চ ২০২৬

সম্ভাব্য জুমাতুল বিদায় মসজিদে মুসল্লিদের ঢল

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পবিত্র রমজান মাসের সম্ভাব্য শেষ জুমায় শহরের মসজিদ গুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রোজা ২৯টি হলে আজকের জুমাই হবে রমজানের শেষ জুমা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর বারোটার পর থেকেই শহরের বিভিন্ন মসজিদে মুসল্লিদের আগমন শুরু হয়। জুমার নামাজের সময় ঘনিয়ে এলে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে ওঠে। এসময় মসজিদে জায়গা না পেয়ে অনেক মুসল্লিকে সড়কে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

জুমার নামাজের আগে শহরের বায়তুল আমান জামে মসজিদ, চাষাঢ়া নুর মসজিদ, মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদ এবং ডিআইটি মসজিদ এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

এসময় বেশিরভাগ মসজিদেই ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক ও ফুটপাত পর্যন্ত। অনেকেই নিজের জায়নামাজ পেতে কেউ আবার কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।

স্থানীয় মুসল্লিরা জানান, আজকের জুমাই হয়ত এই রমজানের শেষ জুমা। তাই আজকে মানুষের ভিড় কিছুটা বেশি। অনেকে দূর-দূরান্ত থেকে আগেভাগেই মসজিদে এসেছেন নামাজ পড়তে। 

শহরের মাসদাইর কবরস্থান মসজিদে নামাজ পড়তে এসে আসাদুর রহমান তুহিন জানান, রমজান মাসে জুমার দিনের তাৎপর্য একটু বেশি। আজই হয়ত শেষ জুমা। নামাজের পরে বিশেষ দোয়াও হবে। তাই এখানে এসেছি।