ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীর্ষ সন্ত্রাসী দিপুকে (৩২) বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। দিপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় হত্যা, ডাকাতি, অপহরণ এবং চাঁদাবাজিসহ ১৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১। এর আগ রাতে বন্দরের পূর্ব চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি মো. দিপু (৩২) বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের বাসিন্দা মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে।
এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু ও কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী দিপু ও তার বাহিনী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বন্দর ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারসহ একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

