ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন সংসদের প্রথম অধিবেশনে অংশ নেওয়া অভিজ্ঞ এই রাজনীতিবিদের সংসদে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বিএনপির এই নেতা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯১ সালে। সে সময় সংসদে তিনি বিভিন্ন ইস্যুতে সক্রিয় বক্তব্য ও অবস্থানের মাধ্যমে আলোচনায় আসেন। নারায়ণগঞ্জের নানা সমস্যা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সংসদে তুলে ধরার কারণে স্থানীয়ভাবে তিনি ব্যাপক পরিচিতি পান।
পরবর্তীতে ১৯৯৬ সালে ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ওই সময় তিনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিজয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম।
বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা থাকায় জাতীয় সংসদে তিনি দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একইসঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংসদে জোরালোভাবে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে শিল্পনগরী নারায়ণগঞ্জে দীর্ঘদিনের যানজট, নগর ব্যবস্থাপনার নানা জটিলতা, নদী দূষণ এবং নাগরিক সুবিধার ঘাটতির মতো বিষয়গুলো সংসদে তুলে ধরার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিজ্ঞ এই সংসদ সংসদে সক্রিয় ভূমিকা রেখে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে কাজ করবেন বলে আশা তাদের।
এদিকে সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়াকে ঘিরে নারায়ণগঞ্জ সদর ও বন্দরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা মনে করছেন, চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালামের রাজনৈতিক অভিজ্ঞতা এবার জেলার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় আরও কার্যকরভাবে কাজে লাগবে।

