ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ দোকান পুড়ে গেছে এবং কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে পূর্বাচল এলাকায় অবস্থিত নীলা মার্কেটের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিকেরা জানান, ভোরে হঠাৎ মার্কেটে আগুন জ্বলতে দেখে দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। অগ্নিকাণ্ডে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়াও আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

