বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ভোটকেন্দ্রে উত্তেজনা, আনসার প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে ভোটকেন্দ্রে উত্তেজনা, আনসার প্রত্যাহার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক আনসার সদস্যকে প্রত্যাহার এবং প্রিজাইডিং অফিসারের এক সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়াইহাজার থানাধীন ফতেপুর ইউনিয়নের ৮৬ নম্বর বগাদি কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কেন্দ্র নম্বর ৫১–এ এ ঘটনা ঘটে। 

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্য আসাদুল জামায়াতের লোকজনের সঙ্গে আপত্তিকরভাবে কথা বলেন। বিষয়টি কেন্দ্রের বাইরে অবস্থানরত স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে তারা কেন্দ্রে প্রবেশ করে প্রিজাইডিং অফিসারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় উচ্চস্বরে বিভিন্ন মন্তব্য করায় কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য, সেনাবাহিনীর একটি দল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক হয়।

প্রশাসন জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে প্রিজাইডিং অফিসারের সহকারী আকাশকে হেফাজতে নেওয়া হয়েছে।