বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সংসদে অধিবেশনে নারায়ণগঞ্জের এমপিরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৬, ১২ মার্চ ২০২৬

সংসদে অধিবেশনে নারায়ণগঞ্জের এমপিরা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা আজ প্রথমবারের মতো নতুন সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। জাতীয় সংসদে তাদের বলিষ্ঠ ভূমিকা দেখতে চান এলাকার ভোটাররা। এলাকায় সমস্যাগুলো সংসদে তুলে ধরার দাবী জানান তারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান অধিবেশন অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে।

নারায়ণগঞ্জের পাঁচ সংসদ সদস্যের মধ্যে প্রথমবারের মতো সংসদে বসেছেন চারজন। তারা হলেন বিএনপি সংসদ সদস্য দিপু ভূঁইয়া, নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান ও এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।  নতুন সদস্যদের ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সংসদে বসেছেন চারবারের সংসদ সদস্য আবুল কালাম।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর জন্য এটি প্রথম সংসদ অধিবেশন। দীর্ঘদিন ধরে রূপগঞ্জের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে জয়লাভের পর তার প্রথম সংসদে অংশগ্রহণকে ঘিরে এলাকায় ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সংসদে গিয়ে তিনি রূপগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থের বিষয় তুলে ধরবেন।

একইভাবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদেরও এটি প্রথম সংসদ অধিবেশন। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদে আসন নিশ্চিত করেন। আড়াইহাজারে দীর্ঘদিন ধরে সাংগঠনিক রাজনীতির সঙ্গে জড়িত এই নেতার সংসদে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের জন্যও এটি প্রথম সংসদ অধিবেশন। নির্বাচনের পর থেকেই তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। সংসদে যোগ দিয়ে তিনি এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পাঞ্চল সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরবেন বলে আশা করছেন এলাকাবাসী।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন এবার প্রথম বারের মতো সংসদ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। গণঅভ্যুত্থান আন্দোলনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র মেরামত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলের একজন নবীন জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এলাকার নানা সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেছেন তিনি।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবার চতুর্থবারের মতো সংসদ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলের একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময় সংসদে অংশ নিয়ে এলাকার নানা সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেছেন তিনি।

শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, নদী দূষণ, যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলের নানা সমস্যা সংসদে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। নারায়ণগঞ্জজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন সংসদ অধিবেশন নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের আশা সংসদে সক্রিয় ভূমিকার মাধ্যমে জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জোরালোভাবে তুলে ধরবেন নির্বাচিত সংসদ সদস্যরা।