বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, থানায় মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৩, ১২ মার্চ ২০২৬

আপডেট: ২৩:২০, ১২ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, থানায় মামলা 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্বের বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে সৌদি প্রবাসী হাজী মুক্তার হোসেন (৪৫) কে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল ক্যানেল পাড় মুরগিপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ফের আজ এই হামলা চালিয়েছেন তারা।  এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

মামলায় আসামিরা হলেন, নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী সিআই খোলা এলাকার রবিন ওরফে বাংলা রবিন (২৮), জন্টু (২৯), আব্দুল কাদির (২৮), জিহাদ (২৩), ফরিদ (২৫), ফরহাদ (২২), সোহেল (৩০), মোহাম্মদ আলী (২৯), নাজমুল (২৩), আলআমিন (২২), জাকির (৩৫), জাহাঙ্গীর (৩৫), আমির হোসেন (৩০) ও নাইম ওরফে চার্জ (২৬)।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী সিআইখোলা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ভুক্তভোগীর সাথে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ভুক্তভোগীর উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় আসামিরা। হামলার ঘটনায় বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে এতে ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার বিকেলে ফের দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন আসামিরা। হামলায় রক্তাক্ত জখম হন সৌদি প্রবাসী হাজী মুক্তার হোসেন। 

সূত্রে আরও জানা যায়, সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ভুক্তভোগীর সাথে থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেন আসামিরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।