ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে। এ সময় যাতে কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারেন, সে জন্য বাজারে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা।
শহরের চাষাঢ়া, কালিরবাজার, দেওভোগ, নিতাইগঞ্জ ও আশপাশের বাজারগুলোতে ঘুরে দেখা যায় ঈদের আগে বাজার করতে মানুষের ভিড় বেড়েছে। চাল, ডাল, মাংস, মাছ, সবজি ও মসলা কেনার জন্য সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছু কিছু পণ্যের দাম বাড়ার অভিযোগও করছেন ক্রেতারা।
কালিরবাজারে বাজার করতে আসা ক্রেতা আসাদুর রহমান তুহিন বলেন, ঈদের সময় বাজারের চাহিদা বাড়ে এটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় কিছু ব্যবসায়ী সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন। নিয়মিত তদারকি থাকলে এমনটা কম হবে।
বাজারের ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে কিছু পণ্যের দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়ছে। তবে তারা চেষ্টা করছেন ক্রেতাদের নাগালের মধ্যেই পণ্য বিক্রি করতে। এছাড়াও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দোকানেি মূল্য তালিকা ঝুলানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাজারে নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

