রোববার, ০৭ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১০ বছরে গরুপ্রেমীদের মিলনমেলা, উৎসবমুখর আয়োজনে মাতলো GPPN

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৬, ১৭ মে ২০২৬

১০ বছরে গরুপ্রেমীদের মিলনমেলা, উৎসবমুখর আয়োজনে মাতলো GPPN

“গরু প্রেমী পরিবার নারায়ণগঞ্জ (GPPN)” এর ১০ বছর পূর্তি

নারায়ণগঞ্জের গরুপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম “গরু প্রেমী পরিবার নারায়ণগঞ্জ (GPPN)” এর ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মিলনমেলা।

রোববার (১৭ মে) নগরীর পঞ্চবটী এলাকায় অবস্থিত আমানা ক্যাটল ফার্মে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক গরুপ্রেমী অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন জাতের আকর্ষণীয় গরুর প্রদর্শনী, ফটোসেশন, পরিচিতি পর্ব, আড্ডা এবং গরু পালন নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। গরুকে ঘিরে ভালোবাসা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধনে মিলিত হন অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, ২০১৬ সালে এডমিন দেওয়ান আকিফ “গরু পাগল পোলাপাইন অফ নারায়ণগঞ্জ” নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করেন। সময়ের সঙ্গে গরুপ্রেমীদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়তে থাকায় পরে গ্রুপটির নাম পরিবর্তন করে রাখা হয় “গরু প্রেমী পরিবার নারায়ণগঞ্জ (GPPN)”। উদ্দেশ্য ছিল সব বয়সী গরুপ্রেমীদের একটি বড় প্ল্যাটফর্মে একত্রিত করা।

বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় ৫৫ হাজার। আয়োজকদের ভাষ্য, GPPN এখন আর শুধু একটি অনলাইন গ্রুপ নয়, এটি গরুপ্রেমীদের একটি বড় পরিবারে পরিণত হয়েছে। এখানে শিশু থেকে শুরু করে প্রবীণরাও একত্রিত হয়ে ইতিবাচক বিনোদন, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনে যুক্ত হচ্ছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন সদস্য বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে শুরু হলেও এখন এটি বাস্তব জীবনের সম্পর্কেও পরিণত হয়েছে। গরু পালন, খামার ব্যবস্থাপনা ও পশু পরিচর্যা নিয়ে সদস্যরা একে অপরকে সহযোগিতা করছেন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে একটি সতর্কবার্তাও দেওয়া হয়। তারা জানান, “GPPN” নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা না করেন। কোনো খামার বা পশুর হাটে গিয়ে গ্রুপের নাম ব্যবহার করে সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া গেলে তা গ্রহণযোগ্য হবে না। “গরু প্রেমী পরিবার নারায়ণগঞ্জ (GPPN)” নামেই কেবল অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হবে বলেও জানানো হয়।

আয়োজকরা আরও জানান, আগের নামের গ্রুপটি বর্তমানে স্থগিত রয়েছে। নতুন পরিচয়ে এবং আরও বড় পরিসরে গরুপ্রেমীদের এক ছাতার নিচে আনতেই GPPN-এর নতুন যাত্রা শুরু হয়েছে।

বর্তমানে গ্রুপটির এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন জুনায়েদ আহমেদ সিয়াম প্রধান, ফারদিন মীর ও দেওয়ান আলীফ। এছাড়া মডারেটর হিসেবে রয়েছেন আকাশ দেওয়ান, ফাহাদ মীর, তাহমিদ, নাবিল, নাফিস ও শীথিল।

এক দশকের পথচলায় গরুপ্রেমীদের ভালোবাসা, আন্তরিকতা ও পারস্পরিক বন্ধনই GPPN-কে নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় গরুপ্রেমীদের প্ল্যাটফর্মে পরিণত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।