মতবিনিময় সভা
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প প্রতিষ্ঠান মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ গ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানসহ উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা।
সভায় বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা ও ঈদ বোনাস নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় শিল্প প্রতিষ্ঠান মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন তদারকি করবে। শিল্প মালিকদের শ্রমিকবান্ধব মনোভাব নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

