ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচজনকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ধারায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাইফুল (৩০)–কে ২ হাজার টাকা, বিল্লাল হোসেন (৩৫)–কে ১ হাজার টাকা, মনির (৪৫)–কে ৪ হাজার টাকা, হিরন (৩৩)–কে ৫০০ টাকা এবং আব্দুল আলী (৫০)–কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান চলাকালে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়। এতে কিছু সময়ের জন্য যানজটও কমে আসে বলে স্থানীয়রা জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অমান্য করে কেউ ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

