মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৩০, ১০ মার্চ ২০২৬

মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান

ফাইল ছবি

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে আবারও মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা ও মহানগর বিএনপির নেতা মাসুদুজ্জামান।

সোমবার ঢাকার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত ক্লাবটির চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পরিষদের নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

ক্লাবের সভাপতি জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল মুবীন অসুস্থ থাকায় এজিএমে সভাপতিত্ব করেন ক্লাবের পরিচালক মাহবুব উল আনাম।

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি বরকত উল্লা বুলুর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহবুব উল আনামকে ডাইরেক্টর ফাইন্যান্স এবং মো. মোস্তাকুর রহমানকে ডাইরেক্টর স্পোর্টস হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান এবং মো. আবুল কালাম এমপি, এমএ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে মাসুদুজ্জামান, হকি কমিটির চেয়ারম্যান হিসেবে সাজেদ এএ আদেল এবং নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে নিলোফার চৌধুরী মনি মনোনীত হয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক পুনর্নির্বাচিত হন মাসুদুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরে ক্লাবটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরকত উল্লা বুলু। এছাড়া পরিচালনা পর্ষদের আরও ১৬ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত ৬ মার্চ অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ পরিচালনা পর্ষদের মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।