ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধি গ্রামের সন্তান হাফেজ মোহাম্মদ ইয়াসিন মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে কুরআনের সেবা করে যাচ্ছেন। তিনি সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদ্রাসায় টানা ১০ বছর ধরে তারাবিহ নামাজ পড়াচ্ছেন।
শুধু ইমামতিই নয়, তিনি সেখানে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালের এপ্রিলে মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পান। এ পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদলের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ।
১৯৮২ সালে ঢাকার গেন্ডারিয়ার এম শফি উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেন ইয়াসিন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তার সুমধুর তিলাওয়াত জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের কাছে অত্যন্ত প্রিয়।
বিদেশের মাটিতে কুরআনের খেদমত করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। ভবিষ্যতেও যেন আরও বেশি মানুষের মাঝে কুরআনের সৌন্দর্য ছড়িয়ে দিতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

