মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট এবং জুলাই সনদের বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শহরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তব্যের শুরুতে শুভেচ্ছা জানিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, "আমরা মনে করেছিলাম ৫ আগস্টের (ছাত্র-জনতার অভ্যুত্থান) পর দেশটি ঠিক হয়ে যাবে। কিন্তু সাম্প্রতিক ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা দেখেছেন—মানুষ আমাদের অকুন্ঠ সমর্থন ও ভোট দিয়েছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনি।" ভোটাধিকার ও জনমতের সঠিক প্রতিফলন না ঘটায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
জাতীয় রাজনীতিতে ত্যাগের মানসিকতা থাকলেও জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' নিয়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন,"সবকিছু স্যাক্রিফাইস করলেও জুলাই সনদের ব্যাপারে আমরা সকলে সর্বোচ্চ কাজ করে যাবো। এই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।"
নারায়ণগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে তিনি গঠনমূলক পরামর্শ দিয়ে বলেন, "আপনারা সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করুন। জনকল্যাণমূলক কাজে আমাদের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহায়তা করা হবে।"
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা এনসিপি সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নিরব রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরী সমন্বয়ক তারিকুল সুজন, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক রাহুল আপসান,নারায়ণগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল-আমিন একটি সন্ত্রাস, ভূমিদস্যুতা ও চাঁদাবাজমুক্ত ‘সমৃদ্ধ নারায়ণগঞ্জ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

