বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে শেরে বাংলা রোডে অবস্থিত সংস্থার কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের চোখের বিভিন্ন রোগের পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।
সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন। এ সময় মোট ১২০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে ছানিজনিত সমস্যায় আক্রান্ত ২০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। সংস্থার পক্ষ থেকে তাদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে। এ আয়োজন সফল করতে সহযোগিতা করা চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

