শনিবার, ০১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৮, ১ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‍্যাব ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান। এর আগে রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— কুমিল্লার বুড়িচং থানার পাঁচোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সবুজ (২৯)।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি দল সেখানে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের শরীর ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকের বড় চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন তারা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।