মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আপনারা মাদক ব্যাবসায়ীদের তালিকা করে প্রতিটি এলাকায় টানিয়ে দিন। সামাজিক ভাবে এদের প্রতিরোধ করা দরকার। আইনজীবীরা বলেছেন মাদক ব্যবসায়ীদের যেন ছয় মাসের আগে জামিন না দেয়া হয়। তবে আইনজীবী হিসেবে আপনাদের নৈতিক দায়িত্ব আছে। মাদক ব্যাবসায়ীদের পক্ষে আপনারা দাঁড়াবেন না। অন্তত ছয় মাসের আগে দাঁড়াবেন না সেই ঘোষণাটা দেয়া দরকার ছিল।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কালিরবাজার শিল্পকলা একাডেমিতে র্যাব-১১ এর টাউন হল মিটিংয়ে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের প্রয়োজনের তাগিদে র্যাব সৃষ্টি করেছিলেন৷ র্যাবের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে বিগত সরকারের নানান কর্মকাণ্ডের কারণে।
তিনি আরও বলেন, মাদকের বিষয়ে কথা বলতে হবে। একটা হল মাদকসেবী আরেকটা হল মাদক বিক্রেতা। যারা মাদক সেবন করে তাদের বিরত রাখতে হবে। কিন্তু যারা মাদক বিক্রি করে তাদের প্রতিরোধের দায়িত্ব রাষ্ট্রের।

