পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নারায়ণগঞ্জের খানপুর চিলড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত খানপুর জুনিয়র ফুটবল লীগ সেশন-১ এর শিরোপা জিতেছে খানপুর রাইজিং স্টার। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। প্রথম রাউন্ড শেষে সেরা চার দল সেমিফাইনালে জায়গা করে নেয়।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় খানপুর রাইজিং স্টার ও নগর খানপুর বয়েস। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে খানপুর রাইজিং স্টার। অন্য সেমিফাইনালে দ্য অ্যাটাক স্টার ২-০ গোলে ফিউচার অব খানপুরকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় খানপুর রাইজিং স্টার। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করে তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে দ্য অ্যাটাক স্টারকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নেয় খানপুর রাইজিং স্টার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। তিনি খেলাধুলার প্রসারে স্বপ্নের নারায়ণগঞ্জ সংগঠনের উদ্যোগে আরও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে থেকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং মাঠের উন্নয়ন ও খেলাধুলার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন কয়েকজন ফুটবলার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন খানপুর রাইজিং স্টারের হৃদয়। সেরা গোলদাতার পুরস্কার পান টিম ডনচেম্বারের জুনায়েদ এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন খানপুর রাইজিং স্টারের ইরফান।

