মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এইচএসসির পরবর্তী পরীক্ষাসমূহ স্থগিতের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৪, ১৪ জুলাই ২০২৬

এইচএসসির পরবর্তী পরীক্ষাসমূহ স্থগিতের দাবি

ফাইল ছবি

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর এক বিবৃতিতে বলেন, আজ অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্বিষহ যাতায়াত ব্যবস্থার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি অতিক্রম করে, নৌকা কিংবা ঝুঁকিপূর্ণ যানবাহনে করে কেন্দ্রে পৌঁছেছে। একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে শিক্ষার্থীদের এভাবে জীবনের ঝুঁকি নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা অর্জনের অধিকার কখনোই শিক্ষার্থীদের নিরাপত্তার বিনিময়ে নিশ্চিত করা যেতে পারে না। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী পরীক্ষাগুলোও একই ধরনের অনিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা পরীক্ষার নামে চরম অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ সময় পার করতে বাধ্য হবে। তাই আমরা অবিলম্বে পরবর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষাসমূহ স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানাই।

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ার বলেন, আজকের পরীক্ষার অভিজ্ঞতা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে দেশের বিদ্যমান আবহাওয়া ও দুর্যোগ পরিস্থিতি পরীক্ষা আয়োজনের অনুকূলে নয়। অনেক শিক্ষার্থী ও অভিভাবক চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য বড় হুমকি। আমরা আশঙ্কা করছি, এই পরিস্থিতি চলমান থাকলে প্রতিটি পরীক্ষার দিনই শিক্ষার্থীদের জন্য অনিরাপদ ও উদ্বেগপূর্ণ হয়ে উঠবে। একটি জাতীয় পরীক্ষাকে এমন অবস্থায় পরিচালনা করা শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত হতে পারে না। তাই শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি, শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও সমঅধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অবিলম্বে পরবর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষাসমূহ স্থগিত করা হোক এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন রুটিন প্রকাশ করা হোক।

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা মনে করে, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কোনো অবস্থাতেই পরীক্ষার নামে শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত একটি মানবিক, বাস্তবসম্মত ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা।