শনিবার, ০১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দীর্ঘ ভোগান্তির পর উন্মুক্ত পৌষা পুকুরপাড়ের রাস্তা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ জুলাই ২০২৬

দীর্ঘ ভোগান্তির পর উন্মুক্ত পৌষা পুকুরপাড়ের রাস্তা

সড়কের উদ্বোধন

বছরের পর বছর জলাবদ্ধতার কারণে দুর্বিষহ জীবন কাটানোর পর অবশেষে স্বস্তি ফিরেছে ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকার মানুষের। একসময় বর্ষা এলেই কোমরসমান ময়লা পানিতে তলিয়ে যেত রাস্তা। দোকানপাট, বাজার, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ছিল প্রায় অসম্ভব। চলাচলের জন্য ভরসা ছিল নৌকা। এমনকি নৌকায় প্রসূতি মায়ের সন্তান জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিনের সেই দুর্ভোগের অবসান ঘটিয়ে এখন এলাকাবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে নতুন আরসিসি ঢালাই করা উঁচু রাস্তা।
 
শুক্রবার (৩১ জুলাই) সকালে ফতুল্লা ইউনিয়নের লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় নির্মিত এ সড়কের উদ্বোধন করেন ফতুল্লা থানা বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। স্থানীয় ইউপি সদস্য কাজী মঈন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হয়।
 
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন রাস্তা নির্মাণের পর সাম্প্রতিক ভারী বৃষ্টিতেও সড়কে পানি জমেনি। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন এলাকার বাসিন্দারা।
 
পৌষা পুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুছা বলেন, দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত নাজুক পরিবেশে বসবাস করেছেন। জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবতে বাধ্য হয়েছিল। তিনি বলেন, বিগত ১৭ বছরেও এ সমস্যার সমাধান হয়নি। অবশেষে ইউপি সদস্য কাজী মঈন উদ্দিনের উদ্যোগ ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সহযোগিতায় এলাকাবাসী চলাচলের উপযোগী একটি রাস্তা পেয়েছেন।
 
স্থানীয় আরেক পঞ্চায়েত নেতা বলেন, বর্তমানে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করা গেলেও বাড়িঘরে জমে থাকা পানি এখনও পাম্পের মাধ্যমে সরাতে হয়। এলাকায় চারটি পাম্প থাকলেও সচল রয়েছে মাত্র দুটি। ফলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন সম্ভব হচ্ছে না। তিনি স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ প্রশাসনের কাছে একটি স্থায়ী সমাধানের দাবি জানান। উপস্থিত পঞ্চায়েত নেতারাও সরকারি উদ্যোগে একটি স্থায়ী পাম্প স্থাপনের আবেদন জানান।
 
ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন বলেন, তাদের এলাকার মানুষের দুর্ভোগ সারা দেশের মানুষ দেখেছে। বর্ষাকালে কোমরসমান পানিতে ডুবে থাকত রাস্তা। দোকান, বাজার, মসজিদ ও স্কুলে যাওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। অনেক সময় নৌকাই ছিল একমাত্র যাতায়াতের মাধ্যম। বছরের ছয় থেকে সাত মাস জলাবদ্ধতা ছিল স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে ফতুল্লা থানা বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী এগিয়ে আসেন। তার আন্তরিক সহযোগিতা ও সার্বিক প্রচেষ্টায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তা উঁচু করে আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ফলে এবার ভারী বৃষ্টিতেও সড়কে পানি ওঠেনি এবং মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক  রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, লালপুর পৌষা পুকুরপাড় এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করেছেন। অতীতে বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও তারা সমস্যার সমাধান পাননি। তিনি অভিযোগ করে বলেন, আগের সরকার বাস্তব উন্নয়নের চেয়ে প্রচারেই বেশি গুরুত্ব দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য কাজী মঈন উদ্দিনের নিরলস প্রচেষ্টা এবং এলাকাবাসীর ঐকান্তিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে আরসিসি ঢালাই করে রাস্তা উঁচু করা সম্ভব হয়েছে। এতে মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে, যা তাকে আনন্দিত করেছে।
এসময় তিনি মাদক নিয়েও কথা বলেন। তিনি বলেন,  মাদক মানুষের পরিবার থেকে শুরু করে সমাজকেও নষ্ট করে দিচ্ছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও আইনে আরও কঠোরতা আনলে এর সমাধান সম্ভব। আমরা সরকারের উদ্যোগের সাথে থেকে এলাকা মাদকমুক্ত করতে সবসময় বদ্ধ পরিকর।