শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাজেট মঞ্চে অবহেলায় অনুষ্ঠান স্থল ত্যাগ!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩২, ৩০ জুলাই ২০২৬

বাজেট মঞ্চে অবহেলায় অনুষ্ঠান স্থল ত্যাগ!

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান শেষ হওয়ার পর উন্নয়ন পরিকল্পনার চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর প্রস্থান। 

অনুষ্ঠানে উপস্থিতদের একাংশের অভিযোগ, শুভেচ্ছা বক্তব্যে একে একে সংসদ সদস্য, প্রশাসক, চেয়ারম্যানসহ বিভিন্ন অতিথির নাম উচ্চারণ করা হলেও টিপুর নাম উল্লেখ করা হয়নি। পরে প্রশ্নোত্তর পর্বেও তাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় ক্ষোভ আরও বাড়ে। শেষ পর্যন্ত টিপুর অনুষ্ঠানস্থল ত্যাগ এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের বেরিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রশাসক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জামায়াত নেতা মাওলানা মইনুদ্দিন, মুক্তিযোদ্ধা এবং উপস্থিত নাগরিকদের শুভেচ্ছা জানান। তবে অনুষ্ঠানে সামনের সারিতে উপস্থিত থাকা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নাম না আসায় বিষয়টি তাৎক্ষণিকভাবে অনেকের নজরে পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত টিপুর অনুসারীদের দাবি, শুভেচ্ছা বক্তব্যে নাম বাদ পড়ার পর থেকেই টিপুকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। তাদের অভিযোগ, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা, যানজট, হকার ইস্যু, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তারপরও প্রকাশ্য অনুষ্ঠানে তাকে এভাবে উপেক্ষা করা দুঃখজনক।

বাজেট উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিজ নিজ এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় অনুষ্ঠান থেকে বিদায় নেন। পরে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব অন্য কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানালে তাদের বাজেট নিয়ে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা বাজেটের প্রশংসা করে বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ সময়ও টিপুকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। তাদের ভাষ্য, একের পর এক অতিথিকে গুরুত্ব দেওয়া হলেও টিপুকে বারবার উপেক্ষা করা হয়েছে।

একপর্যায়ে টিপুকেও অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। তার কিছুক্ষণ পরই তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও অডিটোরিয়াম থেকে বেরিয়ে যান। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুরুতে কানায় কানায় পূর্ণ থাকা অডিটোরিয়ামের বড় একটি অংশ অল্প সময়ের মধ্যেই ফাঁকা হয়ে যায়। শেষদিকে প্রায় দুই-তৃতীয়াংশ আসন খালি দেখা যায়।

এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অবস্থায় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে কথা বলা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী বলেন, একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্য অনুষ্ঠানে বারবার উপেক্ষা করা হয়েছে। এতে শুধু তিনি নন, তার সমর্থকরাও বিব্রত হয়েছেন।

অন্যদিকে, টিপুর নাম উল্লেখ না হওয়ার বিষয়টি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, সে বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।