আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, আইনজীবীরা একসাথে বলে বিষয়টি দেখবেন। আমি শুনেছি নারায়ণগঞ্জে সবচেয়ে দ্রুত জামিন হয়। আপনারা পদক্ষেপ নিন। মাদক মামলায় জামিত এত সহজলভ্য যেন না হয়।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কালিরবাজার শিল্পকলা একাডেমিতে র্যাব-১১ এর টাউন হল মিটিংয়ে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, মাদক নিয়ে সবসময়ই কথা বলি। চেষ্টা করি মাদকের বিরুদ্ধে কাজ করতে। এই যুদ্ধ শুরু করতে হবে পরিবার থেকে।
তিনি আরও বলেন, বিগত কয়েকদিন আমরা মাদক নিয়ে কাজ করেছি। মাদকসহ আসামিকে চালান করা হলে বেশ সহজেই তারা কোর্ট থেকে জামিন নিয়ে চলে আসে। আমরা থানায় আলোচনা করতে গিয়ে অবাক হয়ে দেখেছি এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের সাতদিন পরে জামিন নিয়ে এসে ওসিকে বলছে আমি মোবাইল রেখে গিয়েছিলাম, আমার মোবাইলটা কোথায়। কতটা সাহসী একজন মাদক ব্যবসায়ী হলে এ ধরণের আচরণ করতে পারে।

