দোয়া মাহফিল
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের আদর্শ স্কুলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ।
সভাপতির বক্তব্যে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমাদ বলেন, “যখন বাংলাদেশের মানুষ ঠিকমতো ঘুমাতে পারত না, তখন কোটা আন্দোলনের একদল সাহসী তরুণ বুক পেতে দাঁড়িয়েছিল। যারা শহিদ হয়েছেন, আল্লাহ তাদের শহিদি মর্যাদা দান করুন এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা দান করুন।”
তিনি আরও বলেন, “এখনও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম। স্মরণসভায় বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোতালেব হোসেন এবং রশীদ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক অলিউল্লাহ। সার্বিক সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক শিক্ষক মনিরুল আলম।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

