বুধবার, ১৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৭ বছরের রাজপথের ত্যাগ, নির্যাতন-জেল জুলুম পেরিয়ে আজকের শাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৭, ১৪ জুলাই ২০২৬

১৭ বছরের রাজপথের ত্যাগ, নির্যাতন-জেল জুলুম পেরিয়ে আজকের শাহেদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রাজনীতিতে ত্যাগী ছাত্রনেতা হিসেবে পরিচিত নাম শাহেদ আহমেদ। দীর্ঘ প্রায় ১৭ বছরের রাজনৈতিক পথচলায় রাজপথ, মামলা, গ্রেপ্তার, হামলা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিএনপির একজন সক্রিয় সংগঠক হিসেবে। ছাত্রদল থেকে শুরু করে বর্তমানে মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে এই নেতা।

২০১৮ সালের পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম যখন অনেকটাই স্থবির হয়ে পড়ে, তখন মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন শাহেদ আহমেদ। সে সময় বিএনপির অনেক শীর্ষ নেতা মামলা ও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকলেও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত কর্মসূচি পালন করেন তিনি।

দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকায় একাধিকবার মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন শাহেদ। দীর্ঘ সময় জেলও খেটেছেন তিনি। বিএনপি নেতাকর্মীদের দাবি, দুঃসময়ে সংগঠনকে টিকিয়ে রাখতে গিয়ে বারবার ক্ষমতাসীনদের রোষানলে পড়তে হয়েছে এই যুবনেতাকে।

২০২২ সালের ৯ জুন তার বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনাও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও তার অনুসারীরা ওই হামলা চালিয়ে গুলিবর্ষণ করেছিল।

পরবর্তীতে ২০২৩ সালের ২৯ আগস্ট শাহেদ আহমেদকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব করা হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। একই সময়ে ঢাকার একাধিক নাশকতার মামলাতেও তাকে আসামি করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের সময়ও নারায়ণগঞ্জ শহরকেন্দ্রিক আন্দোলনে তার সক্রিয় উপস্থিতির কথা উল্লেখ করছেন বিএনপির নেতাকর্মীরা। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে অবস্থান এবং সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সামনের সারিতে থেকে ভূমিকা রাখার কারণে তিনি আলোচনায় আসেন।

এর আগে ২০১৩ সালের আন্দোলন থেকে শুরু করে মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক থাকা অবস্থায় নিয়মিত দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে বোমারু শাহেদ ট্যাগ দেয়া হয় তাকে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নিয়মিত ঢাকায় কর্মসূচি পালন করতেন শাহেদ। তার প্রতিটি হাজিরায় নেতাকর্মীদের নিয়ে সরব উপস্থিতি থাকতো শাহেদের।

সম্প্রতি তাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। দলে ত্যাগীদের ব্যাপারে সারাদেশে নেগেটিভ বার্তা দিতেই পরিকল্পনা করে তার মনোবল ভেঙে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নানা অপকৌশল শুরু করার অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা।