ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকাধীন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং) সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ডাম্পিং এলাকার পেছনের পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘটনাস্থল থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, আমরা খবর পেয়েই সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে পুকুর থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি ইতোমধ্যে প্রায় অর্ধগলিত হয়ে গেছে। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।
আলামত ও সুরতহাল দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, অন্তত ১০ থেকে ১২ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা চালিয়েছে। তবে মরদেহ অতিরিক্ত গলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহত ব্যক্তির সঠিক পরিচয় উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

