শনিবার, ০১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৭, ১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রথম দিনেই জেলায় ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর ১ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৭ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর তথ্য নেই।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন করে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে ডেঙ্গু নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, বাড়ির আশপাশে, ছাদ, নির্মাণাধীন ভবন কিংবা যেকোনো স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি এবং কোনো রোগীকে অন্যত্র পাঠানোর প্রয়োজনও হয়নি। ফলে আক্রান্তের সংখ্যা থাকলেও গুরুতর পরিস্থিতির কোনো তথ্য পাওয়া যায়নি।