রোববার, ৩০ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজার খাল উদ্ধারের দাবি এলাকাবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১১, ২৯ আগস্ট ২০২৬

বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজার খাল উদ্ধারের দাবি এলাকাবাসীর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘চৌরাপাড়া সোমবারিয়া বাজার খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একসময়ের প্রবহমান ও গুরুত্বপূর্ণ এই খালটি গত প্রায় দুই দশক ধরে দখল ভরাট করে গোডাউন নির্মাণের অভিযোগ উঠেছে সোহাগপুর টেক্সটাইল মিল( সাবেক আদর্শ কটন এন্ড স্পিনিং মিল) কর্তৃপক্ষের বিরুদ্ধে। খালটি দখল হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, বিনষ্ট  হচ্ছে পরিবেশের ভারসাম্য, ব্যাহত হচ্ছে  জনজীবন। এ অবস্থায় ঐতিহ্যবাহী সোমবারিয়া বাজার খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, শীতলক্ষ্যা নদীর সাথে সরাসরি যুক্ত ছিল এই চৌরাপাড়া সোমবারিয়া বাজার খাল। বৃটিশ আমল থেকে এলাকার ব্যবসা-বাণিজ্য ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এটি। এ খাল দিয়ে বড় বড় রপ্তানি নৌকা সোমবারিয়া হাটে প্রবেশ করত। কিন্তু প্রায় ২২ বছর আগে ২০০৪ সালে সোহাগপুর টেক্সটাইল মিল মালিক পক্ষ পেশি শক্তি ব্যবহার করে এবং প্রশাসনকে ম্যানেজ করে বেআইনিভাবে খালটি দখল করে খালের ওপর সীমানা প্রাচীর ও কারখানা ভবন নির্মাণ করে পুরো খালটি দখল করে নেয়।

বর্তমানে খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া, লক্ষণখোলা সোমবারিয়া বাজার ও আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়াসহ স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দুই দশক ধরে এই গুরুত্বপূর্ণ খালটি উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। খালটি দ্রুত দখলমুক্ত করে আগের রূপ ফিরিয়ে আনতে তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।

অবিলম্বে অবৈধ গোডাউন অপসারণ করে খালটি উদ্ধার ও পুনঃখনন এবং শীতলক্ষ্যা নদীর সাথে পুনঃ সংযোগ স্থাপনের দাবি জানান এলাকাবাসী।