বুধবার, ১০ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে কুয়েত প্রবাসীকে অস্ত্রের মুখে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

প্রকাশিত: ১৯:৫০, ১০ জুন ২০২৬

আড়াইহাজারে কুয়েত প্রবাসীকে অস্ত্রের মুখে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালকচর ব্রিজ সংলগ্ন এলাকায় এক কুয়েত প্রবাসীর গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৪টার দিকে আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী-ফেরিঘাট সড়কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সুজন (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নিজকান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী সুজন তার চাচাতো ভাই নাজমুল (২২)-কে সঙ্গে নিয়ে ঢাকা থেকে একটি হাইয়েস গাড়িযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি আড়াইহাজারের চালাকচর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে, মুখোশধারী ৫-৬ জনের একদল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রসহ অপর একটি হাইয়েস গাড়ি দিয়ে তাদের গতিরোধ করে।

​এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে সুজনের কাছ থেকে জোরপূর্বক আনুমানিক দুই ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী ছিনিয়ে নেয়। এছাড়া তার চাচাতো ভাই নাজমুলের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং ৫০০ সৌদি রিয়াল কেড়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করা হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করেছে।