ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন সাংবাদিক নাজমুল হুদা (৪৬)। তিনি রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনায় নাজমুল অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, গত ১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে সাংবাদিক নাজমুল হুদা মোটরসাইকেলে ভুলতা থেকে গাউছিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথে কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ মাস্ক ও হেলমেট পরা মোটরসাইকেলে আসা অজ্ঞাত চার জন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা নাজমুলকে ভয়ভীতি প্রদর্শন করে এবং সংবাদ প্রকাশ বন্ধ না করলে প্রাণনাশের হুমকি দেয়।
সাংবাদিক নাজমুল হুদা জানান, দীর্ঘদিন ধরে তিনি রূপগঞ্জের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জের ধরেই একটি চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নাজমুল রূপগঞ্জ থানায় অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, প্রাণনাশের এ হুমকি দেওয়ার ঘটনায় রূপগঞ্জের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পূর্বাচলের সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ‘সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই।’

