মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সাব্বির হত্যার প্রধান আসামি সোহাগ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৯, ১৬ মার্চ ২০২৬

ফতুল্লায় সাব্বির হত্যার প্রধান আসামি সোহাগ গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবক সাইদ আহমেদ সাব্বিরকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সোহাগকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী সোহাগ (৪২) নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার নয়ামাটি এলাকার শেরআলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, নিহত সাইদ আহমেদ সাব্বির (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করতেন। অভিযুক্ত সোহাগের নেতৃত্বে একটি চক্র ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সাব্বির ওই মাদক ব্যবসার প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষুব্ধ ছিল এবং বিভিন্ন সময় তাকে হুমকি দিত।

গত ৪ মার্চ ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সাব্বির সেহরির খাবার আনার জন্য বাসা থেকে বের হয়ে শিবু মার্কেট মোড়ের সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে গেলে সোহাগের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।